মনে হয় যেন আর একবার ফিরে এসেছে
সেই পরিপূর্ণ পরিতৃপ্তি
যা কৈশোরে অনেক বেশি মাত্রায় পেতাম।
যখন আবেগ অনেক বেশি ছিল,
হৃদয়ে ভাবের আগমন অধিক ছিল,
ছন্দের প্রাচুর্য ছিল।
মাঝরাতে জেগে
নীরবে,
নির্জনে,
একাকী, নিজের সাথে ভাব বিনিময় করা,
নিজেকে নিজে পথ প্রদর্শন করা,
কাব্য রচনা করা,
নানা ধরণের ছন্দকে খোঁজা,
আর সুন্দর থেকে সুন্দরতর বাক্য লেখা।
দুঃখ ভারাক্রান্ত মনকে
তার দ্বারা অতি সহজে প্রফুল্ল করা,
যা নিকট অতীতে বহুদিন পাইনি।
যেই মানসিক অবস্থার অভাবে
নিজের ওপর নিজের আস্থা হারাতে বসেছিলাম,
নিজেকে নিয়ে বিব্রত ছিলাম,
চিন্তাযুক্ত ছিলাম।
কিন্তু আজ
এই মুহুর্তে অবস্থানকালীন
নিজকে নিয়ে সম্পূর্ণ সন্তষ্ট
পুরোপুরি সন্দেহমুক্ত।
যেহেতু আর একবার
কাঙ্খিত বিষয় ফিরে পেয়েছি।
চিন্তা-ভাবনাহীন সময় লাভ করা
ব্যস্ততা ও ঝামেলামুক্ত অবস্থা পাওয়া
এবং স্বচ্ছন্দে কিছু লিখতে পারা
এর চেয়ে ভাল কোন কিছু
কল্পনা করা দুষ্কর।
তাই এ মুহুর্তকে মনে হচ্ছে
জীবনের সবচেয়ে আনন্দময় ক্ষণ,
মনে হচ্ছে যেন ক্রমশ
অনন্ত, অসীম সৌভাগ্য লাভ করছি।
১২.১১.৯৬