কিছুই প্রকাশ করা গেল না

সকলই আড়ালে রয়ে গেল

অনন্ত সৌন্দর্যরাশি,

প্রতিক্ষণে ঝরে পড়া সীমাহীন ভালো লাগা,

হৃদয় উজাড় করা ভালবাসা,

সৃষ্টির প্রতি ধূলিকণায় মমতার স্পর্শ,

অসীম উৎস থেকে আসা মহৎ প্রেরণা,

আবেগের জোয়ারের বিপুল উচ্ছাস,

তীব্র বেদনার ফলস্বরূপ মহান সৃষ্টিসকল,

মৃত্যুর মাঝ দিয়ে লাভ করা প্রাপ্তির বিশালতা,

হৃদয়স্পর্শী সুরের লালিত্যের ছোয়া,

আরো অন্য যত চিত্তগ্রাহী ভাব,

সেগুলোর কিছুই প্রকাশিত হলো না;

না ভাষায়,

না লেখায়।

কেবল তাদের অস্তিত্বের যেটুকু প্রমাণ

অনুভব করা গেল দেখার দ্বারা

শোনার দ্বারা

আর হৃদয় দিয়ে কল্পনার দ্বারা

তা- পেরেশান করে দিল,

সেটুকুই অস্থির করে তুলল,

তার ছোঁয়াটুকুই দিশেহারা করে দিল অনুভতিকে

কল্পনাকেও হার মানিয়ে দিল,

মনকে করল ব্যাকুল

আর সেকারণেরই যন্ত্রণার বৃদ্ধি।

ঢেউয়ের বার বার আছড়ে পড়ার মত

হৃদয়ের অভ্যন্তরে আবেগের প্রাবল্য

ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবার সম্ভাবনা।

অপ্রকাশিত থেকে যাবার এই বেদনা

জানা নেই এর পরিণতি কি!

২০.০৩.৯৬