একটি সুন্দর স্বপ্ন আমি দেখি
কখনো জেগে
অনেক সময় ধরে।
কখনো অবসরে,
ব্যস্ততার রেশ কেটে গেলে
নীরবে,
একাকী।

মাঝে মাঝেই ডুবে যাই
গভীর ভাবনায়,
চিন্তার সাগরে,
কল্পনার মহাসমুদ্রে।

যেখানে শুধু আবেগের ঢেউগুলো
আছড়ে এসে পড়ে
হৃদয়ের পটে।

আমি ভাবি
কেবল ভাবি,
অনুভব করতে চেষ্টা করি,
বুঝতে চেষ্টা করি,
হৃদয়ঙ্গম করতে চেষ্টা করি,
আমার সুন্দর স্বপ্নটিকে।

তাকে সাজিয়ে গুছিয়ে
আকার দিতে চেষ্টা করি।

মনের ভেতর যেই অব্যক্ত আবেগ
যেই সুপ্ত ইচ্ছে
যেই অস্পর্শনীয় নিরাকার বাসনা
তার স্বরূপ অনুধাবন করার জন্য


আমি বার বার
নীরবে কল্পনা করি।

আমি বুঝতে পারি
আমার মনের গভীরে
হৃদয়ের অতল গহীনে
অস্থিরতা বিরাজমান
সুন্দর স্বপ্নটি প্রস্ফুটিত হবার জন্য
সাকার লাভের জন্য।

অস্থিরতা দিন দিন বেড়ে চলে
সাথে সাথে বাড়ে প্রচেষ্টা
আগ্রহ,
আকর্ষণ,
সুন্দর স্বপ্নটি সত্যি হয়ে ওঠার জন্য
বাস্তব রূপ লাভের জন্য
স্বরূপ ধরে সামনে আসার জন্য।

এখন অপেক্ষা শুধু সেই মুহুর্তটির
যখন সুন্দর স্বপ্নটি পূর্নাঙ্গ রূপ ধরে
দৃষ্টির সামনে প্রতিভাত হবে
আর দীর্ঘ অস্থিরতার অবসান ঘটাবে।
১৬.০৪.০৭