তোমার কথা লিখতে গিয়ে
যেখানে চেয়েছিলাম শেষ করতে
সেখান থেকেই করতে হলো শুরু।
বুঝি একেই বলে গোলকধাঁধা।
লিখতে গেলাম কয়েকটি লাইন মাত্র
তারই মাঝে কলমের কালি গেল ফুরিয়ে
অদৃষ্টের পরিহাস।
আরেকটি নতুন কলমে লিখতে শুরু করলাম
শেষ করতে গিয়েও শেষ করা আর হলো না।
কি কথা বলতে চেয়েছিলাম
আর কি কথা বলার মাঝে আটকে গেলাম
আবার শুরু করতে গিয়ে দেখি
আগের কথা গেছি ভুলে,
হঠাৎ থেমে যেতে হলো।
কিন্তু তারপরও আবার ফিরে পেলাম খেই
কারণ সবটুকুতেই তুমি।
তোমার কথা বলার আশায়
তোমার ভাবনার সঙ্গ লাভের বাসনায়
কলম চলছিল অন্যত্র,
এ পর্যন্ত এসে পৌঁছুতে পৌঁছুতে মনে হয়েছিল
এখানেই শেষ করি,
কিন্তু শেষ থেকেই আসলে শুরু হয়ে গেল
কি যে ভাল লাগছে!
আহ! এর তুলনা নেই।
কতদিন পর আজ এত আনন্দ পেলাম।
আজই তো বুঝতে পেরেছি
সত্যিই ভালবাসাবাসির শেষ নেই।
তোমার সঙ্গ হারাবার যে আশংকা
আমায় তিলে তিলে মারছিল,
তা তো আজই দূর হয়ে গেল।
‘কখনো কি ভালো লাগার শেষ আছে?’
এ প্রশ্নের উত্তর-
আজ অবশেষে পেয়েই গেলাম।
১৫.০৩.৯৬