ওগো মধুমতী,
হয়ত জগতে আছে বহু রূপবতী,
তবুও তোমার রূপ যাই বলিহারি
ভাষায়, লেখায় কভু প্রকাশিতে নারি।
যেদিন আসলে তুমি সামনে আমার
মুগ্ধ নয়নে শুধু দেখেছি তোমার
রূপের আলোকছটা, প্রাণ-মন ভরে
সেই থেকে তুমি আছ হৃদয়টি জুড়ে।
তোমার কথাই ভাবি সারারাত জেগে
ঘুমটি আসে না, তবু কি যে ভাল লাগে।
অকারনে অবসরে তুমি
শুধু তুমি কত যে তোমায় চাই জানে অন্তর্যামী।
স্মৃতির ভীড়ের মাঝে যত কিছু ভাসে
তোমার ভাবনাটুকু সর্বদা আসে
সকলের আগে। আর সব কিছু ছেপে
তোমার অভাববোধে মন ওঠে কেঁপে।
কভু যদি মনে হয় তুমি পাশে নেই
তখন সবচে’ দুখি লাগে নিজেকেই।
কিন্তু আমার তুমি হৃদয়ের রানী
সর্বদা মুছে দাও সব ব্যথা গøানি।
যত কিছু ব্যথা দেয় হৃদয়ে আমার
পরোয়া করি না কোন; তুমি যে আমার।
কাল যদি কোনভাবে তোমাকে হারাই
কি হবে আমার হাল ভেবে নাহি পাই।
তবুও সেটার কথা আজ ভেবে ভেবে
মনে ব্যথা লাগা ছাড়া কি বা লাভ হবে?
আজ তুমি আছ পাশে এই শুধু সুখ,
তোমার আদর যত ভরে দেয় বুক।
পাই না কিছুতে কভু কোন যন্ত্রণা,
তোমার সঙ্গলাভে পাই সান্তনা।
২১.০৬.৯৮