ওগো সুন্দর,

আজ বুঝি কমে গেছে তোমার আদর।

জগতের সব কিছু বাড়িয়েছে দাম

কেবল হয়েছে ছোট তোমার সুনাম।

তোমারে খুঁজেও বুঝি পায় নাকো কেউ

তোমারে দেখেও বুঝি দেখে নাকো কেউ।

চাঁদের কিরণ লাগে রূপালী প্রলেপ

টাকার বদলে যার হয় পরিমাপ।

গাছের নীরব প্রাণ লাগে না সজীব

কেবল কান্ঠ দিয়ে হবে আসবাব।

আকাশের পাখি নিয়ে কেউই ভাবে না

খাঁচার পাখিটা হয় দামে বেচাকেনা।

ফুলের খুশবু কেহ নিজে নাহি নেয়

প্রয়োজন হলে পরে উপহার দেয়।

শিশুর হাসিটা লাগে বড়ই মধুর

বড় হলে তারে নিয়ে চলে দাম দর।

তাই বুঝি তুমি আজ হলে মরীচিকা

কত ছোটাছুটি তবু মিলে নাতো দেখা।

সবাই তোমার কথা বলে বড় স্বরে

তোমাকে বাঁচাতে বলে নিজে সরে পড়ে।

একজন অন্যকে দেয় শুধু ধোঁকা

তোমার কথাটি বেচে করে দেয় বোকা।

দুধের স্বাদ তো তবু ঘোলে মিটে যায়

কিন্তু তোমার স্বাদ মিলবে কোথায়?

তোমার বদলে যাহা মিলে আজ হাটে

তার শোকে বুকটাই যায় পুরো ফেটে।

তাই আজ করি আমি তোমারে সালাম

তোমার দেখাটি কভু নাইবা পেলাম।

কভু তুমি ছিলে এই ধরনীর বুকে

সেইটুকু ভাল লাগা শুধু সেই সুখে।

১৭.১০.৯৪