পাখপাখালির কিচির মিচির

কই গেল সব আজ?

চতুর্দিকেই দালানকোঠা

করছে যে বিরাজ।

পথের শেষে পথই কেবল

অরণ্য নাই কোনো,

ঘোড়ার খুরের আওয়াজ কি আর

এখন তুমি শোনো?

মিলবে কোথা পুকুর বা হ্রদ

কাটবে যে সাঁতার,

চড়বে কোথা কোন সে গাছে

কই সে পুকুর পাড়?

জোনাক পোকা দেখ কি আর

শোন মোরগ ডাক?

ধুলোর মাঝে পথ চলা সেই

মেঠো পথের বাঁক?

খাঁটি গরুর দুধের সে সর

যায় কি পাওয়া কাছে?

খেজুর গাছের শীতের সে রস

এখন কি আর আছে?

সন্ধ্যা বেলায় ঘরে ফেরার

নেইকো কোন তাড়া,

তাইতো লাগে আজকে মোরা

হোলাম ছন্নছাড়া।

গতর খেটে জীবন ধারণ

আজকে তো আর নাই,

তাইতো এখন ব্যায়াম ছাড়া

উপায় কি আর ভাই?

যন্ত্রপাতির সঙ্গে থেকেই

কাটে অধিক সময়,

ভুল হলে তাই খেসারতের

হয় যে ভীষণ ভয়।

চলতে যে হয় ঘড়ির মতন

নেই কো থামা,

সেই কারণেই পাই না দেখা

চাঁদের ওঠানামা।

শান্তিভরা দিনগুলো সেই

কোথায় গেল চলে,

হঠাৎ মনে পড়লে সেসব

নয়ন ভরে জলে।

১৯.১২.৯২