যদি বেঁচে থাকা লাগে অনন্তকাল

চলে যাব এই ভাবে ভাবের দোলায়,

কখনো সুখের বশে আনন্দমনে

কখনো বা বেদনার চরম জ্বালায়।

হাল তবু ছাড়ব না পরাজিত হয়ে

লড়ে যাব শেষ তক বুক বেঁধে রেখে,

আছে যত অপমান, গ্লানি আর জ্বালা

সব তার পিয়ে যাব মুখে হাসি রেখে।

যতই ব্যাঘাত পাব করব আঘাত

চূর্ণ করব সব বাধার পাহাড়,

যত বার পড়ে যাব ফের খাড়া হব

নিরাশার মরুভুমি সব হব পার।

তুফান ভুচাল যদি ভাঙ্গে সব কিছু

গড়ব নতুন করে মানবেতিহাস,

সকলকে বাসবই প্রাণ দিয়ে ভাল

আপোষে রচব সবে সুখের আবাস।

এই আশা চিরকাল পুষি মন মাঝে

কাজ করি সেই সাথে নেক মনোভাবে,

পারি আর নাহি পারি জানি তবু ঠিক

জীবনের ব্যর্থতা দূর হয়ে যাবে।

২৫.০৬.৯৬ (ভুচাল=ভূমিকম্প)