তোমার কথা বলতে গেলে
জানি তা আর শেষ হবে না,
সুখের দিনের স্মৃতিসকল
মরে গেলেও হারাবে না।
পিয়াস যখন লেগেছিল
তখন তুমিই দিলে সুধা,
শুষ্ক হৃদয় সজীব হতে
রইল না আর কোন বাধা।
বিষাদ মনে যখন একা
ছিলাম সবার থেকে দুরে,
তখন তুমি আসলে কাছে
নিলে পরম আপন করে।
ভাবুক হৃদয় ভাবত কেবল
ছন্দ খুঁজে পেত না সে,
তোমার প্রেমের প্রেরণাতে
ফুলে মত আজ সে হাসে।
আজ মনে হয় ধন্য সকল
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা,
তোমার আমার ভালবাসায়
আজকে সবাই আত্মহারা।
প্রজাপতির রঙ্গীন ডানায়
রংএর ঝিলিমিলি খেলা,
ভোরের হাওয়ায় গাছের শাখায়
পাখিরা সব করছে মেলা।
ব্যস্ত হয়ে মৌমাছিরা
নিচ্ছে মধু ফুলের থেকে,
মেঘেরা সব আকাশটাতে
নানা রংএর ছবি আঁকে।
এমনি আরো নানান ছবি
হৃদয় মাঝে উঠল ভেসে,
জিয়নকাঠির পরশ পেয়ে
বিশ্বজগত উঠল হেসে।
সুখের ঠিকানাতে আমি
পৌঁছে গেলাম এক নিমেষে
সকল খুশীর মিলল দেখা
কেবল তোমায় ভালবেসে।
৩১.০৩.৯৬