বলতে পারো কোন নামেতে
তোমায় আমি ডাকি?
যেই নামেতেই ডাকি তোমায়
সেই নাই দেয় ফাঁকি।
কোন নামই তোমার স্বরূপ
ফুটায় নাকো পুরো
তোমার সকল গুণের বাহার
করতে নারে জড়ো।
তোমায় যদি ডাকি প্রিয়া
সেও তুচ্ছ অতি,
কারণ তুমিই সাথী আমার
তুমি আমার সতী।
তুমি আমার শিরিন শরাব
আমার জীবন রাণী,
যতই আমি তোমায় দেখি
বিস্ময়ে হার মানি।
বউ যদি হও আমার তবে
তুমি আমার সখী,
দিন-রাত্তির তোমায় দেখে
জুড়ায় নাকো আঁখি।
আমার প্রেমের সীমা কোথায়
কেউ কি সেটা জানে?
শিউলি কেয়া ডাকি তোমায়
খুশবু আন প্রাণে।
তোমার রূপে ডাকি তোমায়
রূপসী, সুন্দরী,
হার মেনে যায় তোমার কাছে
বেহেশতী হুর পরী।
মনমোহিনী হও যদি গো
জানের জানেমন,
হৃদয় মাঝে পুলক আন
হিয়ায় আন কাঁপন।
মজনু যদি লায়লা লাগি
পাগল হয়ে থাকে,
তোমার মত সুইটহার্টই
মোর হার্টবিট রোখে।
কখনো বা একলা থাকি
তোমায় করি মিস,
মনটা তখন চাইতে থাকে
একটি শুধু কিস।
যখন থাকি অন্ধকারে
খুঁজতে থাকি আলো,
আদুরি বলে তোমায় ডাকি
লাগে বড়ই ভাল।
তোমায় আমি নায়িকা করে
কত ছবিই দেখি,
তুমি আমার মনের মিতা
আমার সোহাগী।
তুমি আমার প্রেমিকা আর
আমার দয়িতা,
মোদের প্রেমে হার মেনেছে
ইউসুফ জুলেখা।
ভালবাসায় রং লাগালে
গোপনচারিণী,
তাইতো তোমায় বেগম বলে
সারা জীবন মানি।
চঞ্চলা আর চপলাগো
সব নামেতেই তুমি,
মানসী বলে তাইতো তোমায়
ডাকতে পারি আমি।
ওগো আমার শিরি ডার্লিং
প্রাণের বান্ধবী,
তোমায় যদি গিন্নী ডাকি
রাগ করো না কভি।
আমার বাহুর ডোরে তোমায়
করেছি বন্দিনী,
ভালবাসার মাঝে তোমায়
করেনি নন্দিনী।
রমনী হয়ে আমার হৃদয়
জয় তো করে নিলে,
ঘরনী হয়ে আমার ঘরটি
সাজিয়ে তুমি দিলে।
ভালবাসি বলেই তোমায়
ডাকছি আমি লাভ,
তোমার সাথেই আড়ি করি
তোমার সাথেই ভাব।
তুমি আমার মাহবুবা আর
আমার ললনা,
মধুর লাগে দুষ্টুমি আর
তোমার ছলনা।
আমার জীবন হলো রওশন
তোমায় পেয়ে কাছে,
আমার সকল লীলা শুধু
তোমার কাছেই আছে।
আমার ডিয়ার বিবি সাহেব
আমার অনামিকা,
তোমায় পাওয়ার আগে আমি
ছিলাম ভীষণ একা।
তন্বী ওগো প্রিয়তমাসু
স্বপনচারিনী,
রাগ হলে পর মান করো না
আমার মানিনী।
তোমার মত দুষ্টু মেয়ে
নাইতো বেশি আর,
তাইতো তোমার নাম দিয়েছি
প্রেয়সী আমার।
সুস্মিতাগো তোমার হাসি
ভুবনমোহিনী,
কামিনীগো তোমার প্রেমের
সীমা কি আর জানি?
অবলা বলে কতজনেই
তোমায় ডেকে থাকে,
তোমার প্রেমের শক্তিটুকুর
খবর কি সে রাখে?
তোমার মত অধরাকেই
চেয়েছিলাম মনে,
তাইতো তুমি আমার হলে
প্রকাশ-গোপনে।
আইনা নামক এক বেহেশতী
হুরের সুনাম শুনি,
সে যদি হয় তোমার মত
তবেই সেটা মানি।
ইরানী মেয়ে শুনি তাদের
জগত জোড়া খ্যাতি,
তোমার রূপের কাছে তারা
করবে স্বীকার নতি।
তোমার মত সব যুবতী
এমন গুণবতী,
হলে পরে সকল পতিই
থাকবে সুখে অতি।
তোমার মত রূপবতীর
রূপটি দেখে হায়,
কেউ যদি বা কাজ ভুলে যায়
সেও মিথ্যে নয়।
সব শ্রীমতী তোমার মত
আনলে ঘরের শ্রী,
ঝগড়া কভু করত না গো
স্বামী এবং স্ত্রী।
যেদিন তুমি আমার হলে
স্বপনকুমারী,
আমার প্রাণে ছড়িয়ে দিলে
তোমার মাধুরী।
তুমি আছ বলেই বাঁচি
দিবস রজনী,
তোমার প্রেমের সুধাই জীবন
প্রাণের সজনী।
আমার হৃদয়পটের মাঝে
তোমার সকল রূপ,
ভালবাসায় রঙ্গীন হয়ে
ফুটল অপরূপ।
ঘোমটাওয়ালী রূপটি তোমার
কাপড়ে কি যায় ঢাকা?
এক নজরেই তোমার ছবি
হৃদয় মাঝে আঁকা।
আমার হৃদয়রাজ্যে তুমি
একাই রাজেশ্বরী,
তোমার কথার অবাধ্যতা
করতে কভু পারি?
যখন তুমি আমার হলে
নবপরিণীতা,
পূর্বে কভু ছিলাম দুখি
ভাবি না আর তা।
শাহজাহানের মমতাজতো
গড়ল তাজমহল,
আমার কাব্যে অমর তুমি
রইবে চিরকাল।
তোমার নামে ছন্দ রচে
হলাম আমি কবি,
কভু তোমায় ম্যাডাম বলে
ডাকৰ কিনা ভাবি।
হৃদয় মাঝে তোমায় রেখে
তোমায় ডাকি আমি,
তোমার সাড়া পাই বলে তো
মুখের নামটি দামী।
আরও কত নামেই তোমায়
ডাকতে আমি চাই,
তবু কি আর নামের মাঝে
তোমায় খুঁজে পাই?
সব নামকে ছাপিয়ে তুমি
অনেক অনেক বেশি,
তাইতো শুধু তোমায় পেলেই
মনটা ভীষণ খুশি।
১৫.০৮.৯৪
ভালবাসার নাম
তোমায় যদি ডাকি প্রিয়া সেও তুচ্ছ অতি, কারণ তুমিই সাথী আমার তুমি আমার সতী।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।