জীবনটাকে উড়িয়ে দিলাম শুকনো পাতার মত
সুযোগ পেলেই পূরন করি মনের আশা যত।
মনটা চলে মেঘের মত হাওয়ায় ভেসে ভেসে
পাখির মত সকাল-বিকাল কাটাই খেলে হেসে।
স্বপন দেখি দিনের বেলায় স্বপন দেখি রাতে
দুঃখ-শোকের তুচ্ছ কারণ হয় না কোন তাতে।
কল্পনাতে বানাই আমি বিরাট রংমহল
তারই মাঝে অবসরেতে কাটাই সকল পল।
উপভোগের যত বিষয় আছে জগৎ মাঝে
তারই মাঝে ব্যস্ত থাকি সকাল এবং সাঁঝে।
আবিষ্কারের নেশায় থাকি জ্ঞানের বিষয় যত
ধরার মাঝে কত মানুষ তাদের স্বভাব কত!
নিয়ম ছাড়া হিসাব ছাড়া কত কিছুই ঘটে
সেসব বিষয় গবেষণায় সময়টা বেশ কাটে।
যে যা বলে বলুক তাতে কি বা যায় আর আসে
জীবনটাকে কাটিয়ে দিলাম কেবল ভালবেসে।
৩১.০৩.৯৯