মজার কিছু খাবো

মজার খাবার দেখলে পরেই খেতে যে চায় মন,
কেবল দেখা? শুনলে পরও মনটা উচাটন।
দেশী খাবার খেতে যে চাই নাদুস পেটটি ভরে,
ফরেন খাবার দেখলে আরো আগ্রহ যায় বেড়ে।
ভর্তা ভাজি মুড়িঘন্ট জিয়ান মাছের ঝোল,
সেটার সাথে চাটনি হলে জিভে আসে লোল।
দাওয়াত পেলে সাঁটবো কষে পোলাও চিকেন কোর্মা,
হালাল ফুডের শপেতে খাই ডোনেয়ার ও শর্মা।
সুযোগ পেলেই খেতে যে চাই জাপানীদের সুশী,
হিসাব ছাড়া খেতে পেলেই প্রাণটা হয় খুশী।
পিজ্জা খাবো আরো খাবো মজার লাজানিয়া,
আবার খাবো চাইনিজ ফুড হৃদয় জাগানিয়া।
সকল কিছু খাওয়ার পরে ডেজার্ট পুডিং চাই,
তা না হলে ঢেকুর তোলার তৃপ্তি কি আর পাই?
খেতে বারণ করলে কেউ মনটা যে হয় ভারী,
সেই শোকেতে তার সঙ্গে করেই ফেলি আড়ি।
মজার কিছু খেতেই হবে এটাই মোদের পণ,
না খেলে পর মনটা খারাপ, ব্যর্থ লাগে জীবন।
তাই আর কথা না বাড়িয়ে কবিতা শেষ করি,
বেল্টটা দ্রুত আলগা করে খাওয়ায় হামলা করি।

2018 04 08